ছিনতাই শেষে সিঅ্যান্ডএফ কর্মীকে আটকে রাখা হলো কনটেইনারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর চত্বরে গতকাল বুধবার দুপুরে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মীকে কনটেইনারের ভেতরে আটকে রেখে তাঁর মুঠোফোন ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই কর্মীকে কনটেইনারের ভেতরে আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় ছিনতাইকারীরা। কিন্তু তাঁর কাছে আরেকটি মুঠোফোন ছিল। তিনি ঘটনাটি ফোনে এক সহকর্মীকে জানান। পরে তাঁকে উদ্ধার করা হয়।
ছিনতাইয়ের শিকার ওই কর্মীর নাম বিল্লাল হোসেন। তিনি জে কে ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মী (জেটি সরকার পদে কাজ করেন)। গতকাল বিকেলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পণ্য খালাসের কাজে বন্দরের ৩ নম্বর ইয়ার্ড থেকে ৪ নম্বর ফটকের দিকে যাওয়ার সময় দুই ব্যক্তি আমার মুখ চেপে ধরে জোর করে একটি খালি কনটেইনারের ভেতর নিয়ে যায়। এরপর মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে কনটেইনারটি বাইরে থেকে বন্ধ করে দেয় তারা। পরে আমার কাছে থাকা আরেকটি মুঠোফোনে বিষয়টি এক সহকর্মীকে জানাই। তিনি এসে আমাকে উদ্ধার করেন।’ এ ঘটনায় বন্দরের নিরাপত্তা বিভাগে অভিযোগ করেছেন বিল্লাল হোসেন। তিনি দাবি করেন, তাঁর কাছ থেকে ১২ হাজার টাকা কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা।
বন্দর চত্বরে ছিনতাইয়ের ঘটনায় সিঅ্যান্ডএফ এজেন্টদের মালিক ও কর্মচারীদের দুটি সংগঠনের প্রতিনিধিরা বন্দরের নিরাপত্তা পরিচালকের সঙ্গে দেখা করেছেন। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক মো. আবদুল গাফফার প্রথম আলোকে বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ খায়রুল বাশার বলেন, বিল্লালকে কনটেইনার থেকে উদ্ধার করতে না পারলে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়ত। দিনদুপুরে এ ধরনের ঘটনা উদ্বেগজনক।