ছিনতাই হওয়া অটোরিকশাসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশাসহ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে শহরের টাউন হল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া সামছুজ্জামান ওরফে মিলন (৪৫) সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি নদনা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাঁকে গতকাল বুধবার নোয়াখালীর বিচারিক হাকিম আদালতে পাঠায়।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর জেলা শহর থেকে মো. আফাজউদ্দিনের সিএনজিচালিত একটি অটোরিকশা ছিনতাই হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে সামছুজ্জামান এর সন্ধান দেন। যানটি ফেরত পেতে মালিককে এক লাখ টাকা দিতে হবে বলে জানান তিনি। এ নিয়ে দর-কষাকষির একপর্যায়ে ৭০ হাজার টাকার সমঝোতা হয়। এটি ফেরত পেতে সোমবার সাদা পোশাকে থাকা গোয়েন্দা পুলিশের একটি দলের উপস্থিতিতে সামছুজ্জামানকে ৭০ হাজার টাকা দেওয়া হয় এবং কথা হয়, মঙ্গলবার সন্ধ্যায় তিনি অটোরিকশাটি শহরে পৌঁছে দেবেন। সে অনুযায়ী রাত আটটার দিকে সামছুজ্জামান একজন চালকের মাধ্যমে যানটি শহরের রৌশনবানী সিনেমা হলের কাছে নিয়ে আসেন এবং মালিককে ফোন করে সেটি বুঝে নিতে বলেন। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল অটোরিকশাসহ সামছুজ্জামানকে আটক করে।গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন জানান, সামছুজ্জামান সংঘবদ্ধ একটি অটোরিকশা ছিনতাইকারী চক্রের প্রধান। এ চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অটোরিকশার মালিক আফাজউদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ফ ম বাবু সামছুজ্জামানকে দলের সহসভাপতি হিসেবে স্বীকার করেছেন।