ছিনতাই হওয়া ট্যাংকার ছেড়ে দিয়েছে সোমালীয় জলদস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাই হওয়ার ১১ দিন পর গতকাল বৃহস্পতিবার তেলবাহী ট্যাংকার ‘এমটি জুব্বা এক্সএক্স’কে ছেড়ে দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। এই ট্যাংকারের তিন বাংলাদেশিসহ মোট ১৬ জন নাবিকও মুক্ত হয়েছেন। জাহাজটির মালিক সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান।বিভিন্ন সূত্রে জানা গেছে, জাহাজটির জন্য দুই লাখ মার্কিন ডলার মুক্তিপণ দিতে হয়েছে। সোমালিয়ার একজন তেল ব্যবসায়ী মুক্তিপণের অর্থ দেন। জাহাজটি ওই ব্যবসায়ীর জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে জ্বালানি তেল নিয়ে যাচ্ছিল। গত ১৬ জুলাই উত্তর ভারত মহাসাগর এলাকা থেকে ‘এমটি জুব্বা এক্সএক্স’ ছিনতাই হয়।মুক্তি পাওয়া তিন বাংলাদেশি নাবিক হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জাফরনগর ইউনিয়নের নুনাছড়া গ্রামের নুরুল ইসলাম, তাঁর ভাই নুরুল আমিন ও মিরসরাইয়ের করমআলী গ্রামের জহুরুল আলম। মুক্তির পর তাঁরা দেশে স্বজনদের সঙ্গে কথা বলেন।যোগাযোগ করা হলে নুরুল ইসলামের স্ত্রী বেবি বেগম তাঁর স্বামীর মুক্তির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মুক্তি পেয়ে তিনি আমাদের ফোন করেন।’ তিনি জানান, নুরুল ইসলামের ছোট ভাই নুরুল আমিনও মুক্তি পেয়েছেন। সমুদ্র পরিবহন কার্যালয়ের শিপিং মাস্টার শামীম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নাবিকদের মুক্তি পাওয়ার বিষয়টি জানি না।’