ছিনতাই হয়, গ্রেপ্তার হয় টাকা উদ্ধার হয় না
রাজধানীতে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অনেক ঘটনায় পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারও করছে। কিন্তু ছিনতাই হওয়া টাকা বা মূল্যবান সামগ্রী উদ্ধার হচ্ছে না।গত ২৭ ডিসেম্বর বংশালের নাজিরাবাজারে মো. রুবেল নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম দাবি করেন, টাকা উদ্ধারের চেষ্টা চলছে।অনুসন্ধানে জানা যায়, রাজধানীতে সংঘটিত ছিনতাইয়ের বেশির ভাগ ঘটনায়ই মামলা হয় না। বড় ঘটনাগুলোতে যদিও মামলা হয়, টাকা উদ্ধারের নজির খুবই কম।গত বছর রাজধানীর বিভিন্ন থানায় ২১৫টি ছিনতাইয়ের মামলা হয়। এর মধ্যে বড় ধরনের অন্তত ২৬টি ছিনতাইয়ের খবর প্রথম আলোতে ছাপা হয়েছে। গত মাসেই আছে এমন আটটি ছিনতাইয়ের ঘটনা। এর মধ্যে শুধু একটি ঘটনায় আংশিক টাকা উদ্ধার হয়েছে।প্রথম আলোতে প্রকাশিত খবর পর্যালোচনা করে দেখা যায়, গত বছর যাত্রাবাড়ীর মাতুয়াইলে দুটি ঘটনায় ৪৮ লাখ টাকা, গুলশানের তিনটি ঘটনায় ৪৫ লাখ টাকা, শ্যামপুরের তিনটি ঘটনায় ৪৩ লাখ টাকা, শাহবাগের তিনটি ঘটনায় ৩৯ লাখ টাকা, চকবাজারে ১০ লাখ টাকা, ধানমন্ডিতে পাঁচ লাখ টাকা, মিরপুরে চার লাখ টাকা, মোহাম্মদপুরে পাঁচ লাখ টাকা, কাকরাইলে গুলি করে ১০ লাখ টাকা এবং পল্লবীতে প্রবাসীর পায়ে গুলি করে চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রেপ্তার থাকলেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীরা টাকা ছিনতাই করার পর ভাগাভাগি করে তা অসৎ কাজে খরচ করে ফেলে। এ কারণে ছিনতাই হওয়া টাকা সব সময় উদ্ধার করা যায় না। তবে ছিনতাইকালে বা ছিনতাইয়ের পর দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা গেলে টাকা উদ্ধার করা সম্ভব হয়।গত বছরের কয়েকটি ঘটনা বিশ্লেষণে দেখা গেছে, ছিনতাইকালীন বা ছিনতাইয়ের পর দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের ভূমিকা ছিল হতাশাব্যঞ্জক। গত ২৬ ডিসেম্বর কাকরাইলে তৈরি পোশাক কারখানার দুই কর্মকর্তাকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। ঘটনার পর ওই কারখানার এক কর্মকর্তা অভিযোগ করেছিলেন, ঘটনাস্থলের পাশেই তিনজন পুলিশকে দেখেছিলেন, কিন্তু ছিনতাইয়ের সময় তারা এগিয়ে আসেনি।২৭ ডিসেম্বর বংশালের যে স্থানে ছিনতাইকারীদের গুলিতে রুবেল নিহত হন, তাঁর কাছাকাছি ছিল পুলিশ ফাঁড়ি। এর আগে ৯ আগস্ট দিনদুপুরে মহাখালীতে ১০ লাখ টাকা ছিনতাই হয়। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে এলেও ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা করেনি বলে অভিযোগ আছে।ক্ষতিগ্রস্তদের অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, মামলা করে যেহেতু টাকা উদ্ধার হয় না, তাই ভুক্তভোগীরা মামলা করতে আগ্রহী হন না। আবার বড় ধরনের ছিনতাইয়ের ঘটনায় অনেকে মামলা করলেও শেষ পর্যন্ত টাকা উদ্ধার না হওয়ায় মামলা পরিচালনায় তাঁরা আগ্রহ হারিয়ে ফেলেন।জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের সমাজসেবা ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, খোয়া যাওয়া মালামাল উদ্ধার হোক বা না হোক, মামলা পরিচালনায় বাদীদের একটা অনাগ্রহ থাকে। অনেক ক্ষেত্রে মামলার দীর্ঘসূত্রতার কারণে বাদীরা ধৈর্য হারিয়ে ফেলেন।