ছিনতাইকারী এসআই!
ফরিদপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের এক চাকরিজীবীর মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে মাগুরা সদর থানার পুলিশের এক উপপরিদর্শক (এসআই) জড়িত বলে অভিযোগ উঠেছে। মাগুরা-যশোর সড়কের কাটাখালী আখ সেন্টার এলাকা থেকে গত মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলটি ছিনতাই হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আবুল কালাম আজাদ (৩৫) ওই দিন রাতে মাগুরা সদর থানায় মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা ও মাগুরা সদর থানার এসআই দাউদ হোসেন বলেন, আবুল কালাম আজাদের বাড়ি জেলার শালিখা উপজেলার কাতলি গ্রামে। ওই দিন বিকেল পৌনে চারটার দিকে তিনি একটি ‘পালসার’ মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে মাগুরা শহরে আসছিলেন। পথে কাটাখালী আখ সেন্টারের কাছে ওয়্যারলেস সেট হাতে সাধারণ পোশাক পরা এক ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় ওই ব্যক্তির সঙ্গে লাঠি হাতে এক যুবকও ছিল। মুহূর্তের মধ্যে সেখানে একটি মাইক্রোবাসে আরও চার-পাঁচজন যুবক এসে উপস্থিত হয়। লাঠি হাতে ওই যুবক আজাদের কাছে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায়। তিনি তাৎক্ষণিকভাবে কাগজপত্র দেখাতে না পারায় ওই যুবক মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। এ সময় পুলিশের কথিত এসআই আজাদকে মাইক্রোবাসে তোলেন। সঙ্গে সঙ্গে মাইক্রোবাসে থাকা যুবকেরা আজাদের চোখমুখ বেঁধে ফেলে। পরে যুবকেরা তাঁকে শহরের অদূরে ইছাখাদা দরগা গেট এলাকায় চোখে মরিচের গুঁড়া-জাতীয় কিছু দিয়ে ফেলে রেখে শহরের দিকে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে আজাদ কারও নাম উল্লেখ না করে থানায় মামলা করেন।আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘যদ্দুর বুঝেছি, পুলিশের ওই দারোগা মাগুরা স্টেডিয়ামের সামনে স্পিডব্রেকারের এখানে (গতিরোধক) নেমে যান। চোখ বেঁধে ফেলা হলেও আমি ছিনতাইকারীদের দেখলে চিনতে পারব। তাদের কণ্ঠস্বর মনে আছে।’ আজাদ অভিযোগ করেন, ‘আমি নিশ্চিত, সদর থানার এসআই মারুফ (মো. মারুফুর রশীদ) ওই দিন ঘটনাস্থলে ছিলেন। পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি।’পুলিশের একটি সূত্র জানায়, সদর থানার এসআই মারুফ ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে বেশকিছু তথ্য পাওয়া গেছে। তাঁর সঙ্গে ছাত্র ও যুবলীগের পাঁচ-ছয়জন নেতা-কর্মীও ছিলেন। তাঁরা মাদক ব্যবসা, ছিনতাই, অপহরণ, টেন্ডারবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। আজাদকে থানায় এনে ফোনে এসআই মারুফের কণ্ঠস্বর শোনানো হয়েছে। আজাদ নিশ্চিত করেছেন, ছিনতাইকালে ওই কণ্ঠটিই তিনি শুনেছিলেন। পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এসআই মারুফ দায়িত্ব পালনের জন্য পুলিশের বেস স্টেশন (মাগুরা পুলিশ বেতার স্টেশন) থেকে গত রোববার ওয়্যারলেস সেটটি নেন। যা দায়িত্ব পালন শেষে পরদিন জমা দেওয়ার কথা। তিনি ওয়্যারলেস সেট জমা দিয়েছেন মঙ্গলবার রাত সাড়ে নয়টায়। অর্থাৎ মোটরসাইকেল ছিনতাই ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর।মাগুরা সদর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, এসআই মারুফকে মঙ্গলবার রাত আটটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত ভায়না মোড় থেকে আড়পাড়া সেতু পর্যন্ত টহলের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি সেই রাতে দায়িত্ব পালন করেননি। এ ব্যাপারে তাঁর নামে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দাউদ হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘ছিনতাইকারীদের দু-একজনকে চিহ্নিত করা গেছে। তাদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর ঘটনার সঙ্গে কারা কারা জড়িত সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’ মাগুরার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, যেহেতু ঘটনার সঙ্গে পুলিশ জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাই বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখানে পুলিশের ভাবমূর্তির প্রশ্নও জড়িত।অভিযোগ অস্বীকার করে এসআই মো. মারুফুর রশীদ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমি ষড়যন্ত্রের শিকার।’