ছিনতাইকারী ও চাঁদাবাজদের হাতে সাংবাদিক-পরিচয়পত্র!
ঢাকার সাভারে সন্ত্রাসী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও প্রতারকদের কাছে পাওয়া যাচ্ছে সাংবাদিক-পরিচয়পত্র। ধরা পরার পর এসব পরিচয়পত্র দেখিয়ে তাঁরা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেন। ছিনতাই ও চাঁদাবাজি করতে গিয়ে ওই চক্রের কয়েকজন সদস্য আটক হওয়ার পর বিষয়টি ফাঁস হয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব খান নামে এক যুবক গত বৃহস্পতিবার সাভারের ইউসুফ টাওয়ারে চাঁদা আদায় করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। তিনি পুলিশের কাছে নিজেকে একুশে টেলিভিশনের পরিচয় দেন, প্রতিষ্ঠানটির মনোগ্রাম-সংবলিত একটি পরিচয়পত্রও তাঁর কাছ থেকে পাওয়া যায়। যেখানে ঠিকানা দেওয়া হয়েছে, ২০৬/১/খ, মেরুল বাড্ডা, ঢাকা-১২১২। এ ব্যাপারে আবদুল্লাহ নামে এক ব্যক্তি রাজিব খানের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। মামলায় তাঁর বিরুদ্ধে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ আনা হয়।পুলিশ হেফাজতে থাকা অবস্থায় রাজিব খান প্রথম আলোকে জানান, তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হওয়ার পর তিনি সাভারে ভিডিওর দোকানে কাজ করছেন। এক বন্ধুর পরামর্শে রাজধানীর মেরুল বাড্ডার একুশে টেলিভিশন অডিয়েন্স ফোরামের কার্যালয় থেকে তিনি পরিচয়পত্রটি সংগ্রহ করেছেন। এ জন্য ওই প্রতিষ্ঠানের কর্ণধার নিজাম উদ্দিন জালালিকে তিনি টাকাও দিয়েছেন।একই রকম আরও একটি পরিচয়পত্র পাওয়া গেছে সাভারের আড়াপাড়ার বাসিন্দা ট্রাকচালক বাবর আলীর কাছে। তাঁর পরিচয়পত্র দেওয়া হয়েছে সাংবাদিক হিসেবে। বাবর আলী জানান, তাঁর এক আত্মীয়ের মাধ্যমে তিনি নিজাম উদ্দিন জালালির কাছ থেকে পরিচয়পত্রটি সংগ্রহ করেছেন। এদিকে দুই সপ্তাহ আগে ডগরমোড়া এলাকায় এক চিকিৎসকের কাছে প্রথম আলোর সাংবাদিক পরিচয় দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করতে গিয়ে দুই যুবক পুলিশের হাতে আটক হন।সাভার থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার হরতালের দিন কয়েকজন ছিনতাইকারী একটি ব্যক্তিগত গাড়িতে সাংবাদিক স্টিকার লাগিয়ে সাভার বাজার বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তাঁরা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের সেলিম উদ্দিন নামের এক ব্যবসায়ীকে মানিকগঞ্জ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে গাড়িতে তোলেন। কিছুদূর গিয়ে ছিনতাইকারীরা তাঁর টাকা পয়সা লুটে নিয়ে গাড়ি থেকে নামিয়ে দেন। সেলিম পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ধাওয়া করে কুদ্দুস মাতাব্বর (৪২), মো. সিদ্দিক (৩৪) ও আব্দুল হক (৫৩) নামের তিনজনকে আটক করে। তাঁদের কাছে ক্রাইম ওয়াচ নামে একটি প্রতিষ্ঠানের সাংবাদিক পরিচয়পত্র (প্রেসকার্ড) পাওয়া যায়। এ ব্যাপারে সেলিম সাভার থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) হারেজ শিকদার বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ছিনতাইসহ নানা অপকর্ম করে যাচ্ছিলেন। ধরা পড়ার পর তাঁরা সবাই প্রথমে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করেন। পরে তাঁদের কাছ থেকে ছিনতাই করা টাকা উদ্ধার হওয়ার পর গ্রেপ্তার করা হয়। পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সাভারে সম্প্রতি সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজসহ মাদক ব্যবসায়ীরা সাংবাদিকতা পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। গ্রেপ্তার হওয়া বাবর আলী ও রাজিব খান জানান, সাভারে অন্তত ২০০ জনের কাছে একুশে টেলিভিশনের মনোগ্রাম-সংবলিত পরিচয়পত্র রয়েছে। যার সবই দিয়েছেন নিজাম উদ্দিন জালালি। এ বিষয়ে নিজাম উদ্দিন জালালি বলেন, আমি একসময় একুশে টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলাম। সেই সুবাদে একুশে টেলিভিশনের দর্শক ফোরাম নামে একটি সংগঠন করা হয়েছে। সাভারে এই সংগঠনের অর্ধশত সদস্য রয়েছে। যাদের কেউ ক্যামেরা ম্যান আবার কেউ সাংবাদিক। তবে এদের কেউ কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার পরিচয় পাওয়া গেলে তাদের পরিচয়পত্র বাতিল করা হবে।যোগাযোগ করা হলে একুশে টেলিভিশনের মহাব্যবস্থাপক (জিএম) রেজাউল করিম বলেন, তাঁদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের কোনো পরিচয়পত্র দেওয়া হয়নি। দর্শক ফোরাম নামে তাঁদের কোনো সংগঠনও নেই। এ ব্যাপারে সাভার থানার ওসিকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হয়েছে বলেও তিনি জানান।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, সন্ত্রাসীরা বিভিন্ন ভূঁইফোড় প্রতিষ্ঠান থেকে সাংবাদিক হিসেবে পরিচয়পত্র সংগ্রহ করে নিরাপদে নানা অপকর্ম চালানোর চেষ্টা করেন। ধরা পরার পর তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এখনো ধরা পড়েনি তাদেরও ধরার চেষ্টা চলছে।