চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া যখন সৌন্দর্যপিয়াসীদের পদচারণে মুখর, তখন সেখানে ছিনতাইকারী ও উত্ত্যক্তকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। গত এক সপ্তাহে লেক এলাকায় শতাধিক পর্যটক ছিনতাইকারীর কবলে পড়েছেন বলে জানা গেছে।এ ছাড়া একটি চক্র সরকারকে রাজস্ব না দিয়ে লেকে অবৈধভাবে ইঞ্জিনচালিত বোট চালালেও প্রশাসন নির্বিকার রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মহামায়া লেকের উদ্বোধন করেন। তখন থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকেরা আসছেন।গত ঈদের দিন থেকে পর্যটকদের বাড়তি ভিড় লক্ষ করা গেছে। সেই ভিড় এখনো অব্যাহত রয়েছে।কিন্তু পর্যটকদের নিরাপত্তার সুব্যবস্থা না থাকায় বখাটে ও ছিনতাইকারীর উ ৎ পাত বেড়ে চলছে।লেকে অবৈধভাবে ইঞ্জিনচালিত ১০টি বোট নিয়ে কিছু লোক রমরমা বাণিজ্য চালিয়ে গেলেও সরকার সেখান থেকে এক পয়সাও রাজস্ব পাচ্ছে না। উপজেলা সমন্বয় সভায় সম্প্রতি বোট চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হলেও তা কার্যকর হয়নি।জানা গেছে, গত এক সপ্তাহে শতাধিক পর্যটক ছিনতাইকারীর কবলে পড়েছেন। মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনাও ঘটছে অহরহ। অভিযোগ রয়েছে, ৫ সেপ্টেম্বর ছিনতাই ও মেয়েদের উত্ত্যক্ত করার জের ধরে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই রাতে স্থানীয় কয়েকজন ছিনতাইকারীকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে মিরসরাই সদরের একদল যুবক। পরে পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় মামলা নেওয়া হয়েছিল এবং একজন বখাটেকে গ্রেপ্তার করার পর এখন পরিস্থিতি শান্ত। প্রতিদিন পুলিশের একটি দল ওই এলাকায় টহল দেয় বলেও তিনি দাবি করেন।সরেজমিনে মহামায়ায় গিয়ে দেখা গেছে, লেকের নীলাভ জলে দাপাদাপি, ডিঙি ও ইঞ্জিনচালিত বোটে পর্যটকদের ভ্রমণ এবং তাঁদের হইচই-ছোটাছুটিতে এলাকা উ ৎ সব মঞ্চে পরিণত হয়েছে। কিন্তু তাঁদের পাশাপাশি বখাটে, মাতাল ও ছিনতাইকারীদের উপস্থিতিও টের পাওয়া গেছে।মহামায়ায় বেড়াতে আসা চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র তানভীর বলেন, এখানে পর্যটকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন বলে তাঁরা মনে করছেন।সীতাকুণ্ড থেকে ঘুরতে আসা নিলুফা ইয়াসমিন বলেন, ‘মহামায়া খুবই সুন্দর এলাকা। কিন্তু বখাটেদের আচরণে মর্মাহত হয়েছি।’বোটচালক জসিম উদ্দিন জানান, সারা বছরই এখানে পর্যটকদের ভিড় থাকে। ঈদ মৌসুমে এখানে তিল ধারণের জায়গা থাকে না। তাই লেকে অতিরিক্ত বোট আনতে হয়। তিনি বলেন, নিরাপত্তা বাড়ানো গেলে পর্যটকেরা নির্বিঘ্নে আসতে পারবেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, লেক উদ্বোধনের পর থেকে স্থানীয় কয়েক ব্যক্তি ক্ষমতাসীন দলের নেতা পরিচয়ে অবৈধভাবে ইঞ্জিনচালিত বোট লেকের পানিতে নামিয়ে রমরমা বাণিজ্য চালিয়ে আসছে। এতে সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। লেকটি পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগ যৌথভাবে তত্ত্বাবধান করলেও সেদিকে কর্তৃপক্ষের নজর নেই। অভিযোগ রয়েছে, ওই ইঞ্জিনচালিত বোট দিয়ে ফটিকছড়ি এলাকার রাবার অবৈধভাবে মিরসরাই দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে।এ ব্যাপারে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, সরকার কোনো বেসরকারি কোম্পানিকে প্রকল্প এলাকাটি ইজারা দিলে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়ে তিনি পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেবেন বলেন জানান।