ছিনতাইকারী দলের নেতা যুবদল নেতা!
আমিন উল্লাহ (৩৪) চট্টগ্রাম মহানগর কোতোয়ালি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশের ভাষ্যমতে, তিনি নগরের ছিনতাইকারীদের দলনেতা। এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিন কীভাবে টাকা ছিনতাই করে, ভাগ-বাঁটোয়ারা করে দলের বাকি সদস্যরা কত টাকা নিয়েছিল তা অকপটে স্বীকার করেন পুলিশের কাছে।
এ প্রসঙ্গে নগর যুবদলের সহসভাপতি ইয়াছিন চৌধুরী লিটন কথা বললেও কোনো মন্তব্য করতে রাজি হননি। বিএনপি ও যুবদলের সমাবেশে আমিনের অংশগ্রহণ প্রসঙ্গে নগর যুবদলের সভাপতি কাজী বেলালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মিছিল-মিটিংয়ে আমাদের অনেক কর্মী-সমর্থক যোগ দেয়। এদের কেউ ছিনতাইয়ের সঙ্গে জড়িত কি না, আমার জানা নেই।’
২০১৩ সালের ১০ অক্টোবর নগরের কোতোয়ালি টাইগারপাস মোড় এলাকায় আহমদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাহার উদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয় আমিনসহ তার সহযোগীরা। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। মহিউদ্দিন টিটু নামের এক আসামি গ্রেপ্তারের পর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে আমিন ও তাঁর সহযোগীদের নাম বলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গত শনিবার রাতে নগরের পলিটেকনিক্যাল মোড় এলাকায় বাসা থেকে গ্রেপ্তার করেন আমিনকে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) শাহ মুহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘ছিনতাইকারীর দলনেতা গ্রেপ্তার আমিনের বিরুদ্ধে ছিনতাইসহ ছয়টি মামলা রয়েছে। নগরের রিয়াজউদ্দিন বাজারকেন্দ্রিক হুন্ডি ব্যবসায়ীদের টাকা ছিনতাই করে তাঁর সহযোগীরা। ক্ষতিগ্রস্ত লোকজন থানায় মামলা না করায় সহজে তাদের ধরাও যেত না। গ্রেপ্তার হওয়ার পর আমিন ২০ লাখ টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। ঘটনায় জড়িত তাঁর বাকি সহযোগীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।’
বিরোধী দলের রাজনীতি করার কারণে আমিন কোনো ষড়যন্ত্রের শিকার কি না, জানতে চাইলে আবদুর রউফ বলেন,‘আসামি নিজেই অকপটে স্বীকার করেছেন কীভাবে ছিনতাই করেছেন। পুলিশ তাঁর গায়ে একটি টোকাও দেয়নি।’
নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, ‘আমিনের দলে থাকা আজাদের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। বাকি সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’