ছিনতাইকারী ভেবে পুলিশের গুলি আহত ৪
পাবনার সাঁথিয়া উপজেলায় পুলিশের গুলিতে চার ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: কৌশিক সরকার, মিঠুন হালদার, কৃষ্ণ সূত্রধর ও আনন্দ হালদার।গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে চৈত্রসংক্রান্তির হাজরা অনুষ্ঠান থেকে ফেরার পথে বেড়া-সাঁথিয়া সড়কের ছেঁচানিয়া সেতুর কাছে পৌঁছালে ছিনতাইকারী ভেবে পুলিশ তাঁদের ওপর গুলি ছোড়ে।গ্রামবাসীর অভিযোগ, ওই ব্যক্তিরা নিজেদের হাজরা সন্ন্যাসী বলে পরিচয় দেওয়ার পরও পুলিশ তাঁদের ওপর গুলি চালায়।এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, ‘মদ্যপ অবস্থায় ওই যুবকেরা ত্রিশূল, রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে টহল পুলিশকে আক্রমণ করতে আসে। তাঁদের আচরণ সন্ন্যাসীর মতো নয়, সন্ত্রাসীর মতো ছিল। পুলিশ আত্মরক্ষার্থে বাধ্য হয়ে তাঁদের ওপর শটগানের গুলি ছোড়ে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।’