ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত শুক্রবার রাতে ছিনতাইকারী সন্দেহে এলাকাবাসী দুই যুবককে পিটুনি দিয়েছে। পরে গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান প্রথম আলোকে জানান, শুক্রবার রাত আটটার দিকে সোনারগাঁয়ের তালতলা বাজারে গাড়ি থামিয়ে কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে টাকাপয়সা ছিনতাইয়ের চেষ্টা করেন কয়েকজন যুবক। এ সময় স্থানীয় বাসিন্দারা মোহামঞ্চদ শরীফ নামের একজন (৩০) এবং অজ্ঞাতনামা আরেক যুবককে ধরে ফেলে। পরে তারা পিটুনি দিয়ে দুই যুবককে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাঁদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অজ্ঞাত যুবকটি গতকাল দুপুরের দিকে মারা যান। আহত মো. শরীফ সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানান।ওসি আতিকুর রহমান আরও জানান, শরীফের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। আর নিহত যুবকটির পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের চেষ্টা বা গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় কেউ থানায় কোনো মামলা করেনি।