ছিনতাইকারী সন্দেহে তিন পুলিশকে পিটুনি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজার এলাকায় গতকাল শুক্রবার ছিনতাইকারী সন্দেহে গোয়েন্দা পুলিশের তিন সদস্যকে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী।
গণপিটুনির শিকার তিন ব্যক্তি হলেন গোয়েন্দা পুলিশের ঢাকা সদর দপ্তরের কনস্টেবল জামাল হোসেন (৩৫), ৩ নম্বর ব্যাটালিয়নের এপিবিএন সজিব খান (৩৫) ও মফিজুর রহমান (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বলেন, তাঁদের সঙ্গে পরিচয়পত্র ছিল। সেটা দেখে নিশ্চিত হওয়া গেছে তাঁরা গোয়েন্দা পুলিশের সদস্য।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা গোয়েন্দা পুলিশের সদর দপ্তরের তিন কনস্টেবল গতকাল সকালে হারিয়ে যাওয়া মুঠোফোনের একটি সেটের সন্ধানে কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারে আসেন। তাঁরা তিনজনই সাধারণ পোশাকে ছিলেন। তাঁরা ওই বাজারের কয়েকজনকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় এলাকাবাসী পরিচয় জানতে চাইলে তাঁরা পরিচয় না দিয়ে তাঁদের ধমকাতে থাকেন। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। পরে এলাকাবাসী তাঁদের ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দেন। খবর পেয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে। পরে পুলিশ বিষয়টি গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে জানায়।