ছিনতাইকারী সন্দেহে পুলিশের এএসআই গণপিটুনির শিকার
ছিনতাইকারী সন্দেহে সাহিদুল ইসলাম নামের এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার শ্যামবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি শাহ আলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে শ্যামবাজার কাঁচাবাজারের সামনে এএসআই সাহিদুল ও তাঁর সহযোগী আমিনুর রহমান কাঁচামাল ব্যবসায়ী মুসা মিয়ার কাছ থেকে টাকার টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন সাহিদুল ও তাঁর সহযোগীকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে সূত্রাপুর থানার পুলিশ জনরোষ থেকে সাহিদুল ও তাঁর সহযোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের পর তাঁরা সাহিদুলের পরিচয় সম্পর্কে নিশ্চিত হন।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটকের পর শাহ আলী থানার এএসআই সাহিদুল দাবি করেন, চুরি হয়ে যাওয়া তাঁর মোটরসাইকেলটির খোঁজ করতেই তিনি শ্যামবাজারে এসেছিলেন। তবে পুলিশ সদস্য সাহিদুলের কথা ও আচরণে তিনি (ওসি) সন্দিহান।