ছিনতাইকারী সন্দেহে পুলিশের গুলি, যুবক আহত
রাজধানীর শনির আখড়ায় গতকাল সোমবার ছিনতাইকারী সন্দেহে মাসুদ মিয়া নামের এক যুবক পুলিশের গুলিতে আহত হয়েছেন। তাঁকে আটক করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শনির আখড়ায় বেসরকারি একটি ব্যাংকের কাছে তিন ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। কর্তব্যরত পুলিশের সদস্যরা ধাওয়া করলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ শটগানের গুলি ছুড়লে মাসুদ মিয়ার পায়ে গুলি লাগে। পুলিশ আহত অবস্থায় মাসুদ ও তার দুই সহযোগীকে আটক করে। পরে মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া যুবকেরা ছিনতাইকারী। তারা শিকার ধরতে ব্যাংকের সামনে ওত পেতে ছিল। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।