ছিনতাইকারীকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরুদ্ধ
বগুড়ার গাবতলী উপজেলার বগুড়া-তরণীহাট সড়কে গত মঙ্গলবার রাতে জনগণ এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। টহল পুলিশের একটি দল উদ্ধার করতে গেলে গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে রাখে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়া-তরণীহাট সড়কের গোলাবাড়ী এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরা লোকজন ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় পাশের মহিষাবান গ্রামের বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে সারিয়াকান্দি উপজেলার জোরগাছা গ্রামের এক ছিনতাইকারীকে আটক করে তাদের গ্রামে নিয়ে যায়। কয়েক শ লোক সেখানে সমবেত হয়ে ছিনতাইকারীকে পিটুনি শুরু করে। এ খবর পেয়ে টহল পুলিশ ছিনতাইকারীকে উদ্ধার করতে গেলে তারা জনরোষে পড়ে। গ্রামবাসী টহল পুলিশ দলকে আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং আটক ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে না দিয়ে গণপিটুনি দিয়ে শাস্তি দিতে চায়। মহিষাবান গ্রামের আবদুল জলিল জানান, বগুড়া-তরণীহাট সড়কে প্রায় রাতেই ছিনতাই হয়। রাতে সেখানে পুলিশকে কখনো পাওয়া যায় না। এ কারণেই পুলিশের ওপর জনগণ ক্ষুব্ধ হয়ে ছিনতাইকারী ধরে গণপিটুনি দিয়েছে। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতায় রাত সাড়ে ১২টায় ছিনতাইকারীকে উদ্ধার করা হয়। তাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ অবরুদ্ধ করে রাখার কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে ছিনতাইয়ের মামলা করা হয়েছে।