ছিনতাইকারীদের কবলে চার সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর চার সাংবাদিক গত রোববার দিবাগত রাতে রাজধানীর বাংলামোটরের কাছে ছিনতাইকারীদের কবলে পড়েছেন। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে মুঠোফোন, ট্যাব, ডেবিট কার্ডসহ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ছিনতাইকারীদের কবলে পড়া ওই সাংবাদিকেরা হলেন প্রবীর বড়ুয়া চৌধুরী, ত্রিবেণী চাকমা, তামান্না খান ও জামিল মাহমুদ।
প্রবীর বড়ুয়া ঘটনা সম্পর্কে গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, রোববার রাত ১০টার দিকে তাঁরা চারজন কয়েকটি পূজামণ্ডপ দেখতে কর্মস্থল থেকে বের হন। রমনা কালীমন্দির থেকে দুটি রিকশাযোগে রাত দুইটার দিকে তাঁরা আবার কর্মস্থলে ফিরছিলেন। রিকশা দুটি বাংলামোটরের কাছে পৌঁছলে চার ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। তারা পিস্তল ও চাপাতি ঠেকিয়ে তাঁদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং সড়কের অপর পাশে থাকা একটি সাদা রঙের প্রাইভেট কারে উঠে দ্রুত চলে যায়।