ছিনতাইকারীদের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইকারীদের গুলিতে আহত ব্যবসায়ী মোস্তফা কামাল (৫৫) গত সোমবার গভীর রাতে মারা গেছেন। গত রোববার রাজধানীর মতিঝিলের পীরজঙ্গি মাজারের কাছে ছিনতাইকারীর গুলিতে আহত হয়েছিলেন তিনি। মোস্তফা কামাল পুরান ঢাকায় প্লাস্টিক কারখানার কাঁচামালের ব্যবসা করতেন।
হাসপাতালে ভর্তি হয়ে রোববার মোস্তফা কামাল জানিয়েছিলেন, তিনি পুরান ঢাকার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দেড় লাখ টাকা নিয়ে হেঁটে কমলাপুর রেলস্টেশনে যাচ্ছিলেন। পীরজঙ্গি মাজারের কাছে দুটি মোটরসাইকেলে ছয়জন তাঁর হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তারা গুলি চালায়। পরে ব্যাগটি নিয়ে যায় ছিনতাইকারীরা। ওই ব্যাগে ৫০ হাজার টাকা ছিল।
নিহতের শ্যালক ইমরান সিদ্দিকী জানান, মোস্তফার দুই পায়ে ও কোমরে গুলি লেগেছিল। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে লালবাগের হায়দারবক্স লেনে থাকতেন মোস্তফা।
মতিঝিল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, মোস্তফা কামালকে গুলি করার ঘটনায় ছিনতাই মামলা হলেও ওই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।