ছিনতাইকারীদের গুলিতে কলেজছাত্র আহত
গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকায় গতকাল বৃহস্পতিবার ছিনতাইকারীদের গুলিতে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম মোবারক হোসেন।মোবারক ঢাকার উত্তরা টাউন ডিগ্রি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। তাঁকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গাজীপুর সদর উপজেলার সাতাইশ এলাকার তানাশ ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় চাকরি করেন কলেজছাত্র মোবারকের বড় ভাই মিজানুর রহমান। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে উত্তরার মার্কেন্টাইল ব্যাংক থেকে টাকা তুলে আনার জন্য তাঁর ছোট ভাই মোবারককে ৩৫ হাজার টাকার একটি চেক দেন। পরে মোবারক কারখানার শ্রমিক সামাদ মিয়াকে সঙ্গে নিয়ে ওই ব্যাংকে যান। ব্যাংক থেকে টাকা তুলে তাঁরা বাসযোগে এসে টঙ্গী কলেজগেট এলাকায় নামেন। এ সময় দুটি মোটরসাইকেলে ছয়জন সশস্ত্র যুবক এসে মোবারককে ঘিরে ফেলে এবং তাঁর সঙ্গে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের ছোড়া গুলিতে আহত হন মোবারক। এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা টাকা না নিয়ে দ্রুত পালিয়ে যায়। মোবারক টঙ্গীর দত্তপাড়া এলাকার বাসা থেকে উত্তরা কলেজে লেখাপড়া করেন।মোবারকের ভাই তানাশ কারখানার সহকারী মহাব্যবস্থাপক (স্টোর) মিজানুর রহমান জানান, লেখাপড়ার খরচের জন্য তাঁর ছোট ভাইকে ওই চেকটি দিয়েছিলেন। কিন্তু টাকা নিয়ে ফেরার পথে বেলা একটার দিকে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন এবং তাদের অস্ত্রের গুলিতে মোবারক আহত হন। তাঁর মুখ, বাঁ হাত ও কানের কাছে, ডান পায়ের ঊরু, বাঁ হাত ও পিঠে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।