ছিনতাইকারীদের চিনে ফেলায় চিকিৎসককে কুপিয়ে হত্যা
ফরিদপুরে ছিনতাইকারীদের চিনে ফেলার খেসারত হিসেবে জীবন দিতে হলো একজন গ্রাম্য চিকিৎসককে। ছিনতাইকারীরা বৃহস্পতিবার রাতে তাঁকে কুপিয়ে হত্যা করে। বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।ওই গ্রাম্য চিকিৎসকের নাম মো. হেমায়েত হোসেন (৪০)। তিনি পরমেশ্বর্দী ইউনিয়নের মালিখালী গ্রামের বাসিন্দা। তাঁর দুই ছেলে ও এক মেয়ে আছে। হেমায়েতের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, হেমায়েত বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে উজিরপুর বাজারে নিজের ওষুধের দোকানে রোগী দেখতেন। তাঁর ভাই সালথার খারদিয়া গ্রামের একজনের কাছে ৩০ হাজার টাকা পেতেন। বৃহস্পতিবার রাতে সেই ব্যক্তি দোকানে এসে টাকা পরিশোধ করেন। রাত আটটার দিকে একটি বাইসাইকেলে বাড়ি ফেরার পথে ধুলজুরা এলাকায় ছিনতাইকারীরা কুপিয়ে তাঁর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তি ও চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী দলের সদস্য মালিখালী গ্রামের সোনা মিয়াকে (৩০) ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। পরমেশ্বরর্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, হেমায়েতকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে হেমায়েত জানান, তাঁর ওপর সাত-আটজন ছিনতাইকারী হামলা চালিয়েছে। এদের মধ্যে তিনি কয়েকজনকে চিনতে পেরেছেন। ইউপি চেয়ারম্যান বলেন, হেমায়েতের শরীরের বিভিন্ন জায়গায় সাতটি ধারালো অস্ত্রের কোপ লেগেছে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলী আহম্মদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত এ হত্যার ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।