ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গী পাগাড় এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হাসমত মিয়া (৩০) নামের একজন তরুণ নিহত হয়েছেন। হাসমতের ছোট ভাই কালু মিয়া জানান, গতকাল সন্ধ্যা সাতটায় তাঁর ভাই স্যানিটারি মিস্ত্রি হাসমত পাগাড় পাঠানপাড়ার বাসা থেকে বেরিয়ে স্থানীয় হাজি মার্কেটে যাওয়ার পথে চিহ্নিত ছিনতাইকারী রাজুর নেতৃত্বে সাত-আটজনের একটি দল তাঁর গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তিনি পেটে ও বুকে কয়েকটি স্থানে ছুরিকাহত হন। পেট ও বুকের আঘাত গুরুতর হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন।এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে তাঁর বড় ভাই গাজী মিয়া লোকজন নিয়ে তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতাল থেকে লাশ টঙ্গী মডেল থানায় নিয়ে আসে। টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।