ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুজন আহত
রাজধানীতে পৃথক ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চানাচুর বিক্রেতা মাসুদ রানা (২৮) ও রিকশাচালক শাহীন মিয়াকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে তিন-চারজন ছিনতাইকারী সায়েদাবাদ রেলগেটে চানাচুর বিক্রেতা মাসুদ রানার রিকশার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায়।হাসপাতালে চিকিৎসাধীন মাসুদ রানা সাংবাদিকদের জানান, তিনি হেঁটে চানাচুর বিক্রি করেন। চানাচুর ও ছোলাবুট কিনতে যাওয়ার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে মগবাজার চেয়ারম্যান গলিতে তিন যুবক রিকশাচালক শাহীন মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।