ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গোলাম মোস্তফা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে নগরের বাকলিয়া হাজি আমিনুর রহমান রোডে এ ঘটনা ঘটে। এদিকে পালানোর সময় হাসান উদ্দিন ওরফে শওকত নামের এক ছিনতাইকারীকে পিটুনি দেন স্থানীয় লোকজন। গুরুতর আহত ওই ছিনতাইকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, ‘ঢাকা থেকে ভোরে এক ব্যবসায়ী নগরের আসাদগঞ্জ এসেছিলেন। বাকলিয়া দিয়ে যাওয়ার পথে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারীরা। বাকলিয়া হাজি আমিনুর রহমান রোড এলাকার একটি বাসার কেয়ারটেকার গোলাম মোস্তফা ছিনতাইকারীদের ধরতে গেলে তারা তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় গোলাম মোস্তফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে তাঁকে ছুরিকাঘাত করে পালানোর সময় স্থানীয় লোকজন শওকত নামের এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত গোলাম মোস্তফার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়।