ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সেনা সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েদাবাদে গত বুধবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মজিবর রহমান (৩৬) নামের এক সেনাসদস্য আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, রাতে কয়েকজন ছিনতাইকারী সেনাসদস্য মজিবর রহমানের পথ রোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে পাঁচ হাজার টাকা নিয়ে যায়। পরে তিনি রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন মজিবর রহমান জানান, তিনি সিলেটের ব্যাটালিয়ন কমান্ডো। বুধবার রাতে সিলেট থেকে ঢাকার সায়েদাবাদে আসেন গ্রামের বাড়ি নওগাঁয় যাওয়ার জন্য। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা হামলা চালিয়ে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায়। যাত্রাবাড়ী থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তবে ওই সেনাসদস্য থানায় কোনো অভিযোগ করেননি।’