ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। যাত্রীদের কাছ থেকে টাকাপয়সা, মূল্যবান মালামাল ছাড়া যানবাহনও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ জন্য মহাসড়কে পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রী ও পরিবহনমালিকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলা থেকে ডিবি পরিচয়ে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আগে ৩০ জুন মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের সিঙ্গাইর উপজেলায় এক ব্যবসায়ীকে মারধর করে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে রোগী নেওয়ার কথা বলে একটি ইজিবাইক ভাড়া করেন দুই দুর্বৃত্ত। এরপর মহাসড়কের মানিকগঞ্জ সদর জাগীর এলাকায় একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৫৪২১) ইজিবাইকের গতিরোধ করে। এ সময় ওই মাইক্রোবাসের চারজন নিজেদের ডিবি-পুলিশের সদস্য পরিচয় দিয়ে ইজিবাইকটি থানায় নেওয়ার কথা বলে। একপর্যায়ে তারা ইজিবাইকের চালক সেন্টু মিয়াকে (২৬) হাত-পা বেঁধে মাইক্রোবাসে তোলে এবং ইজিবাইক ভাড়া করা দুজন ইজিবাইকটি ঢাকার দিকে নিয়ে যায়। রাত চারটার দিকে মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় মাইক্রোবাসটির চাকা ফেটে যায়। এ সময় টহল পুলিশ এগিয়ে এলে গাড়িতে থাকা তিন ছিনতাইকারী পালিয়ে যায়। এরপর মাইক্রোবাস থেকে ডিবি পরিচয়দানকারী ইউনুস শেখকে (২৫) আটক করে পুলিশ। পরে গাড়ি থেকে ইজিবাইকের চালক সেন্টুকে উদ্ধার করা হয়।
সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, এ ঘটনায় ইজিবাইকের মালিক পলাশ হোসেন ইউনুসসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে ৩০ জুন রাতে পেশাগত কাজ শেষে সিঙ্গাইর উপজেলা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. হাসান। রাত দুইটার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের সিঙ্গাইরের গ্যাড়াদিয়া এলাকায় সাত-আট সদস্যের একদল ছিনতাইকারী তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটের তৈরি পোশাক ব্যবসায়ী সুমন মিয়া, সারোয়ার হোসেন ও প্রসাধনী ব্যবসায়ী ওয়াসিম দাস বলেন, ঈদ এলে বেচাকেনা বেড়ে যাওয়ার পাশাপাশি লেনদেনও বেড়ে যায়। প্রতি সপ্তাহে দুবার ঢাকায় মালামাল আনতে যেতে হয়। নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কের ডাকাতপ্রবণ এলাকায় পুলিশি টহল বাড়ানো দরকার। মহাসড়কে যানবাহন ও মালিক-শ্রমিকের নিরাপত্তার দাবি জানান জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল সরকার। তিনি বলেন, ঈদ এলেই বিভিন্ন সড়ক ও মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়।
মানিকগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ঈদে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক সড়কেও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কে হাইওয়ে পুলিশের সদস্যরাও নিয়মিত টহল দিচ্ছেন। যাত্রীদেরকেও ছিনতাইয়ের কবল থেকে রক্ষার জন্য সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।