ছিনতাইকারীদের ধরতে গিয়ে তাদের মাইক্রোবাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল মো. শামীম (৩০) চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার মারা গেছেন। এদিকে জীবন সাহা (৩২) নামের আরেক কনস্টেবল গতকাল রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে একটি মাইক্রোবাসে থাকা কয়েকজন ছিনতাইকারী এক রিকশা আরোহীর ব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। ঘটনাটি দেখে সেখানে কর্তব্যরত কনস্টেবল শামীম মাইক্রোবাসটি আটকানোর চেষ্টা করলে তাঁকে ধাক্কা দিয়ে চলে যায় ছিনতাইকারীরা। এতে গুরুতর আহত হন শামীম। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। সেখানে গতকাল সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি নওগাঁয়।
রাজারবাগ পুলিশ লাইনে জানাজার পর শামীমের লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান।
এদিকে গতকাল দুপুরে খিলগাঁওয়ের বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় মারা গেছেন পুলিশ সদস্য জীবন সাহা। তিনি গুলশানে কূটনৈতিক এলাকায় দায়িত্বরত ছিলেন। তিনি সপরিবারে উত্তর শাজাহানপুরে থাকতেন।
পুলিশ জানায়, বেলা পৌনে দুইটার দিকে জীবন সাহা বাগিচা রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে কমলাপুরগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁর দুই পা থেঁতলে যায় ও মাথায়ও গুরুতর আঘাত লাগে। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।
জীবন সাহার স্ত্রী ইভা রানী জানান, অসুস্থ জীবন কিছুদিন রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়। তাঁদের একটি মেয়ে রয়েছে।