ছিনতাইকারীদের পিটুনিতে পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের হাউসিং এস্টেট এলাকার ৪ নম্বর সেকশনে গত রোববার ছিনতাইকারীদের পিটুনিতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দিদারুল আলম ওরফে ইমতিয়াজ (১৬) নগরের ১৮ নম্বর ওয়ার্ডের নূরপুর এলাকার পূর্বপাড়া কাজীবাড়ির জহিরুল আলম ও নাজমা আক্তারের একমাত্র ছেলে এবং দিদারুল হাউসিং এস্টেট হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহত পরীক্ষার্থীর মামা মনিরুল ইসলাম বলেন, দিদারুলের চাচাতো বোনের ছয় বছরের এক মেয়ে গত শনিবার সন্ধ্যার দিকে হারিয়ে যায়। এর পর থেকে দিদারুল স্বজনদের সঙ্গে বিভিন্ন স্থানে শিশুটির খোঁজে বের হয়। রোববার বিকেল পৌনে চারটার দিকে হাউসিং এস্টেট এলাকার ৪ নম্বর সেকশনে গেলে একই এলাকার চিহ্নিত ছিনতাইকারী মো. অনিক (২৫) ও শাহীন মিয়া (২৫) দিদারুলের মুঠোফোন ছিনিয়ে নেন। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা লাঠি দিয়ে পিটিয়ে তার মাথা ও হাঁটু জখম করেন। ওই সময়ে দিদারুলের আরেক সহপাঠী হাউসিং এস্টেটের তুহিনও আহত হয়।
মনিরুল ইসলাম জানান, হামলার পর দিদারুল পালিয়ে বাসায় চলে আসে। কিন্তু প্রচণ্ড ভয়ে পরিবারের সদস্যদের এ ঘটনা জানায়নি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে কুমিল্লার একাধিক হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ১২টায় মারা যায়।
সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দিদারুলের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তে মাথার বাঁ পাশ থেঁতলানো ও বাঁ হাঁটুতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বাদ আসর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে তার মা সোমবার বারবার মূর্ছা যাচ্ছিলেন। কোনোভাবেই তাঁকে থামানো যায়নি। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, ‘ছাত্র হিসেবে দিদারুল অত্যন্ত মেধাবী ছিল। বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। অত্যন্ত শান্ত স্বভাবের ঘরকুনো ছেলে ছিল। কোনো দিন কারও সঙ্গে ঝগড়া করেনি। এমন ছেলেকে কেমন করে খুঁজে পাব।’
দিদারুলের মৃত্যুতে নূরপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সহপাঠীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা ক্ষুব্ধ হয়ে হাউসিং এস্টেট এলাকার সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। বেলা ১১টার দিকে দুই পাড়ার মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের তিনটি শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান জানান, ছিনতাইকারী অনিক ও শাহীন মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।