ছিনতাইকারীদের ব্যবহূত প্রাইভেট কার পুড়িয়ে দিয়েছে জনতা
গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার বাজারসংলগ্ন সাতচুঙ্গীর পাড় এলাকায় একটি প্রাইভেট কার পুড়িয়ে দিয়েছে জনতা। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, কয়েকজন যুবক ছিনতাই শেষে ওই গাড়িতে করে পালানোর পথে লোকজনের হাতে ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে আহত ফারুক নামের এক ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কমপক্ষে ২০ জন আহত হয়। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে চালকসহ পাঁচ যুবক শ্রীপুরের জৈনা বাজার-কাওরাইদ সড়ক থেকে দুই পথচারীর কাছ থেকে মুঠোফোন ছিনতাই করে প্রাইভেট কারে (ঢাকা মেট্রো খ ১২-৮১৩২) করে পালিয়ে যায়। ওই দুই পথচারীর চিৎকারের লোকজন সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে। প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে সড়কের চেয়ারম্যানবাড়ি মোড়, সিপির মোড়, লালপুকুর পাড় বাজার পার হয়ে সাত চুঙ্গীরপাড় এসে লোকজনের এলোপাতাড়ি করে রাখা মাইক্রোবাসের সামনে পড়ে। প্রাইভেট কারের ভেতর থেকে ছিনতাইকারীরা বের হয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গ্রামবাসীর মধ্যে গুরুতর আহত হন মাসুদ (২২), তাজুল ইসলাম (২৭), আবু বকর সিদ্দিক (৪৫), খোকন মাস্টার (২৫), আফাজ উদ্দিন (৪৫), সোহেল (২২), রাজ্জাক (২২), লিটন (৩৫) ও রাকিব (২২)। লোকজন ধাওয়া করে ফারুক (২৬) নামের এক ছিনতাইকারীকে আটক করে পিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয় উত্তেজিত লোকজন প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী ফারুক ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে গতকাল শুক্রবার দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।