ছিনতাইকারীদের মাইক্রোবাস বিক্রি চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের চেষ্টার সময় বিক্ষুব্ধ জনতার হাতে ভাঙচুর হওয়া একটি মাইক্রোবাস উদ্ধার করে ঢাকার সাভার থানার পুলিশ। কিন্তু সেই গাড়িটি এখন মেরামত করে ব্যবহার করছেন থানার এক কর্মকর্তা। শুধু তাই নয়, গাড়িটি বিক্রির পাঁয়তারা করার অভিযোগও উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।সাভার থানার পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে একটি মাইক্রোবাসে (ঢাকা-মেট্রো-চ-৫৩-৩২৩৭) করে একদল ছিনতাইকারী এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে। তারা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় গিয়ে তাঁকে আটক করে। এরপর ছিনতাইকারীরা আরোহীকে মারধর করে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন ধাওয়া করলে ছিনতাইকারীরা মাইক্রোবাসটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে সাভার থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম মোল্লা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যান। পরদিন (৬ জানুয়ারি) থানায় গিয়ে পেছনের ও পাশের কাচ ভাঙা গাড়িটি দেখে জানতে চাইলে থানার দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা এসআই আবুল হোসেন জানান, পরিত্যক্ত অবস্থায় হেমায়েতপুর থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। গাড়িটি দিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালানো হয় বলেও তিনি নিশ্চিত করেন।তবে এসআই শহীদুল ইসলাম মোল্লা ওই দিন (ঘটনার পরদিন) প্রথম আলোকে বলেছিলেন, গাড়িটি দিয়ে ছিনতাই করা হচ্ছিল কি না, তা তাঁর জানা নেই। ভাঙচুর করা গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেছিলেন, গাড়িটির প্রকৃত মালিকানা নিশ্চিত হওয়ার জন্য বিআরটিএতে আবেদন করা হয়েছে। মালিকানা নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে গাড়িটি হস্তান্তর করা হবে। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত ২৫ দিনেও তিনি গাড়িটির মালিকানা নিশ্চিত করতে পারেননি। যদিও প্রথম আলোর অনুসন্ধানকালে বিআরটিএ সূত্রে জানা গেছে, গাড়িটির মালিক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পনি।অভিযোগ উঠেছে, মালিকানা নিশ্চিত হওয়ার প্রক্রিয়া থেকে বিরত থেকে এসআই শহীদুল ইসলাম মোল্লা গাড়িটি বিক্রি করে আত্মসাতের চেষ্টা করছেন। তিনি গাড়িটি মেরামত করে ব্যবহার করছেন এবং বিভিন্ন স্থানে নিয়ে দেখাচ্ছেন। গত শনিবার রাতে এ রকমই প্রক্রিয়ার সময় সাভার পৌর এলাকার নামাবাজার মাদ্রাসার সামান্য দূর থেকে গাড়িটির ছবি তোলা হয়। গাড়িটি বিক্রির প্রক্রিয়া শুরুর অভিযোগ অস্বীকার করে এসআই শহীদুল ইসলাম মোল্লা বলেন, গাড়িটি সুরক্ষিত রাখার জন্যই কাচ (গ্লাস) লাগানোসহ গাড়িটি মেরামত করে ব্যবহার করা হচ্ছে। গাড়িটি ব্যবহার ও মেরামত করার ক্ষেত্রে আদালত বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমতি নাই তাতে কী হয়েছে, গ্লাস ভেঙে দিলেই ঝামেলা চুকে যাবে।’