ছিনতাইকারীদের মুক্ত করতে চাপ, জনতার বিক্ষোভ, থানা ঘেরাও
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত শনিবার বিকেলে এলাকাবাসী ছিনতাইয়ের অভিযোগে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি তাঁদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে গ্রামবাসী গতকাল রোববার সকালে বিক্ষোভ সমাবেশ ও থানা ঘেরাও করে।এলাকাবাসী সূত্র জানায়, কালিয়াকৈরের চন্দ্রা-কালামপুর সড়কে গত ১৫ দিনে ছয়-সাতটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয় কমপক্ষে ১০ জন। গত শনিবার বিকেলে ছিনতাইকারী সন্দেহে সোহাগ, সুমন মিয়া, আনোয়ার হোসেন ও জামাল হোসেন নামের চার যুবককে ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। কিন্তু কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের বাঁশতলী গ্রামের প্রভাবশালী কিরণ ওয়ার্সি ওই চারজনকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে উপজেলার সাহেবাবাদ, কালামপুর, বক্তারপুর, বাঁশতলী, সিনাবহ, খালপাড় ও উত্তর বক্তারপুর গ্রামের মানুষ গতকাল সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে পাঁচ শতাধিক লোক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করে। তারা কিরণ ওয়ার্সি ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিয়ে কালিয়াকৈর থানা ঘেরাও করে। পুলিশ ছিনতাইকারীদের আটক করে মামলা করার প্রতিশ্রুতি দিলে ২০ মিনিট পর জনতা ফিরে যায়। কালিয়াকৈর থানার ওসি মীর রাকিবুল হক জানান, ওই চারজনের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছে। ছিনতাই-ডাকাতি রোধে অতিরিক্ত টহল ও কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা হয়েছে। যোগাযোগ করলে কিরণ ওয়ার্সি বলেন, ‘কিছু প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ছিনতাই-ডাকাতি বা কোনো ছিনতাইকারীকে মুক্ত করার ঘটনায় আমি জড়িত নই।’ডাকাতি: শনিবার দিবাগত রাত দুইটার দিকে কালিয়াকৈরের লতিফপুর এলাকার ব্যবসায়ী আকরাম হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির লোকজনকে জিম্মি করে দুটি মোটরসাইকেলসহ পাঁচ-ছয় লাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আকরাম।