ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি
গাজীপুর জেলার টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের গোলাগুলির ঘটনা ঘটে। এর মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া সফিকুল ইসলাম (২০) পরিবার নিয়ে আরিচপুরে ভাড়া বাসায় থাকেন।
টঙ্গী থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুপুর দুইটায় পাঁচ-ছয়জন তরুণ মধ্য আরিচপুরে ছিনতাইয়ের পরিকল্পনা করছে—খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান। ওই তরুণেরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশ পাল্টা গুলি চালালে একটি গুলি সফিকুলের ডান ঊরুতে বিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যান।
এসআই জানান, পুলিশ আহত অবস্থায় সফিকুলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।