ছিনতাইকারীদের হাতে পুলিশ সদস্যসহ দুজন আহত
ঈদের ছুটিতে রাজধানীতে ছিনতাইকারীদের হাতে পুলিশের সদস্যসহ দুজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ঈদের পরদিন গত বৃহস্পতিবার রাতে চার ছিনতাইকারী পুরান ঢাকার কাপ্তানবাজার এলাকায় পুলিশের কনস্টেবল জিল্লুর রহমানের (৩২) মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে জিল্লুরের ডান কানে ক্ষুর দিয়ে আঘাত করে তারা তাঁর কাছ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। জিল্লুর ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার খোরশেদ আলমের গাড়িচালক।এদিকে সোমবার রাতে ছিনতাইকারীরা পুরান ঢাকার কেবি রোডে মোকসেদ হোসেনকে (২৮) ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়।গণপিটুনি: সূত্র আরও জানায়, মঙ্গলবার দুপুরে পল্টনে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গিলে ফেলে রাসেল নামের এক যুবক। এ সময় পথচারীরা তাকে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। পুলিশ পাহারায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।