ছিনতাইকারীদের হামলায় চার ব্যবসায়ী আহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-কালামপুর সড়কে গত শনিবার রাতে ছিনতাইকারীদের হামলায় চারজন ব্যবসায়ী আহত হয়েছেন। ছিনতাইকারীরা একটি মোটরসাইকেল, চারটি মুঠোফোন ও ১৮ হাজার টাকা লুট করেছে।এলাকাবাসী সূত্র জানায়, কালিয়াকৈরের বৈরাগীচালা এলাকার ব্যবসায়ী মনিরুজ্জামান ও লাল মিয়া একটি নতুন মোটরসাইকেল নিয়ে শনিবার রাত আটটার দিকে বাড়ি ফিরছিলেন। পথে চন্দ্রা-কালামপুর সড়কের কালামপুর এলাকায় সাত-আটজন ছিনতাইকারী অস্ত্র দেখিয়ে তাঁদের গতিরোধ করে। তাঁদের এলোপাতাড়ি মারধর করে মোটরসাইকেলটি, দুটি মুঠোফোন ও ১৫ হাজার টাকা লুট করে ছিনতাইকারীরা। এর কিছু সময় পর হেঁটে বাড়ি ফিরছিলেন উপজেলার সাহেবাবাদ এলাকার ব্যবসায়ী বুলবুল ও মফিজুল ইসলাম। একইভাবে তাঁদের দুটি মুঠোফোন ও তিন-চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এলাকাবাসী আহত চারজনকে উদ্ধার করে চন্দ্রার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার এএসআই কামাল হোসেন।