ছিনতাইকারীদের হামলায় বর-কনেসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় বরযাত্রীদের ওপর হামলা চালিয়েছে একদল ছিনতাইকারী। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। হামলায় বর-কনেসহ ১৫ জন আহত হয়।প্রত্যক্ষদর্শী ও গৌরনদী থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মোবারক মিয়ার ছেলে রিপন মিয়ার (৩০) সঙ্গে বরিশালের গৌরনদী উপজেলার আধুনা গ্রামের শাহ আলম মৃধার মেয়ে সোহানা বেগমের (২২) বিয়ে হয়। বুধবার সন্ধ্যায় নববধূ সোহানা বেগমকে নিয়ে বরযাত্রীরা ঢাকার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় বরযাত্রীরা বিয়েবাড়ি থেকে হেঁটে গৌরনদীর হোসনাবাদ লঞ্চঘাটের কাছে পৌঁছায়। এ সময় অস্ত্রধারী ১০-১২ জন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালিয়ে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।ছিনতাইকারীদের হামলায় বর রিপন মিয়া, কনে সোহানা বেগমসহ ১৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রিপন মিয়া বুধবার রাতে গৌরনদী থানায় ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।