ছিনতাইকারীর কবলে নারী সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেটের সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক ছিনতাইকারীর কবলে পড়ে স্বর্ণের চেইন খুঁইয়েছেন। তিনি রিকশাযোগে বাসায় ফেরার পথে গত মঙ্গলবার রাতে নগরের জিন্দাবাজার মোড় এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন।তিনি সাংবাদিকদের জানান, নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে রিকশাযোগে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় তাঁতীপাড়ায় নিজ বাসায় ফিরছিলেন। তাঁকে বহনকারী রিকশাটি যানজটের কারণে জিন্দাবাজার মোড়ে দাঁড়ায়।এ সময় তাঁর পাশে মোটরসাইকেলযোগে তিন যুবক অবস্থান নেন। পেছন থেকে এক যুবক চিৎকার করে ওঠেন। তিনি পেছনে তাকানো মাত্র মোটরসাইকেলে থাকা এক যুবক তাঁর গলার স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যান। সাংসদ তখন ‘ছিনতাই ছিনতাই...’ বলায় উপস্থিত লোকজন ঘটনা সম্পর্কে অবহিত হয়। পরে মোড়ের পুলিশকে তিনি ঘটনাটি জানিয়ে বাসায় চলে যান। জিন্দাবাজার নগরের অন্যতম ব্যস্ত এলাকা। এই মোড়ে দিনে ও রাতে টহল পুলিশসহ ট্রাফিক পুলিশের অবস্থান থাকে।গতকাল বুধবার যোগাযোগ করলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ওসি প্রথম আলোকে বলেন, ছিনতাই হওয়ার ঘটনা সাংসদ রাতেই পুলিশকে অবহিত করেছেন। ছিনতাইকারীদের ধরতে জিন্দাবাজার মোড়সহ আশপাশ এলাকায় পুলিশের একটি বিশেষ দল তৎপর রয়েছে।