ছিনতাইকারীর কবলে পুলিশ রক্ষা করতে গিয়ে আহত আরেক পুলিশ
সহকর্মী উপপরিদর্শককে (এসআই) ছিনতাইকারীর কবল থেকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন সিলেট রিজার্ভ পুলিশের (আরআরএফ) কনস্টেবল জিয়াউর রহমান। গতকাল মঙ্গলবার সকালে সিলেট আরআরএফ পুলিশ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে লোকমান হোসেন (৩২) নামের এক ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করা হয়। লোকমান সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের বাসিন্দা।সিলেট কোতোয়ালি থানা সূত্র জানায়, সকাল নয়টার দিকে নগরের রিকাবীবাজার এলাকায় রিজার্ভ পুলিশের এসআই আকরাম হোসেন সাদা পোশাকে কার্যালয় থেকে বের হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী দুজন ছিনতাইকারী তাঁকে ঘিরে ধরে। এ দৃশ্য দেখে কনস্টেবল জিয়াউর গিয়ে পুলিশ পরিচয় দিলে ছিনতাইকারীরা তাঁর ডান হাতের কবজিতে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জিয়াউর আহত অবস্থায় ছিনতাইকারী লোকমানকে ঝাপটে ধরেন। অন্য ছিনতাইকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। আহত জিয়াউরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই মো. সুলতানউদ্দিন জানান, ছিনতাইকারী লোকমানকে থানায় সোপর্দ করা হয়েছে। ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে।