ছিনতাইকারীর গুলিতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষকের অবস্থা গুরুতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইকারীর গুলিতে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক আইয়ুব খান (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তাঁর অবস্থা গুরুতর বলে চিকিত্সকেরা জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামসুজ্জামান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গুলির আঘাতে আইয়ুব খানের ডান হাঁটুর ওপরের হাড় কয়েক খণ্ড হয়ে গেছে। সেরে উঠতে তাঁর দীর্ঘ সময় লাগবে। তিনি বলেন, সোমবার হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই শিক্ষকের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। পরবর্তী সময়ে আরও অস্ত্রোপচার করতে হবে।গত সোমবার বিকেলে ঢাকার সাভারের ব্যাংক কলোনি এলাকায় আইয়ুব খানকে গুলি করে তাঁর কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।