ছিনতাইকারীর গুলিতে এসআই আহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩
গাজীপুরে ছিনতাইকারীর গুলিতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাসান আহত হওয়ার ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার জয়দেবপুর এলাকার মো. সাকিল (২৮), মো. সুমন (৩০) এবং কালীগঞ্জের মো. নাজমুল (২৯)। গাজীপুর গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে বোর্ডবাজার ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী মো. সাকিল, সুমন ও নাজমুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ছিনতাই কাজে ব্যবহূত একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করেছে।গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সদর উপজেলার ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২৮ ফেব্রুয়ারি সকাল ছয়টার দিকে ছিনতাইকারীর গুলিতে আহত হন গোয়েন্দা পুলিশের এসআই মো. হাসান।