ছিনতাইকারীর গুলিতে ডিবির এসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ছিনতাইকারীর গুলিতে মো. হাসান (৪০) নামের গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই ঘটনা ঘটে।গাজীপুর ডিবি পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকালে ডিবি সদস্যদের নিয়ে ভোগড়ায় বর্ষা সিনেমা হলের সামনে দায়িত্ব পালন করছিলেন এসআই হাসান। ছয়টার দিকে সিনেমা হলের পশ্চিম পাশের রাস্তায় একটি প্রাইভেটকারের কয়েকজন যুবক মোটরসাইকেলের এক আরোহীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ডিবি পুলিশ সদস্যরা ঘটনাস্থলের দিকে যেতে থাকলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে একটি গুলি ছুড়ে প্রাইভেটকারে উঠে দ্রুত পালিয়ে যায়। পুলিশও ছিনতাইকারীদের লক্ষ্য করে পাঁচটি গুলি ছুড়ে। ছিনতাইকারীর ছোড়া গুলি এসআই হাসানের বাঁ গালে লাগে।