ছিনতাইকারীর গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে ছিনতাইকারীদের গুলিতে মো. ফারুক (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফারুকের বাড়ি শরীফপুর গ্রামে। তিনি পেশায় মোটরসাইকেলের মেকানিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক ছয় মাস আগে বেগমগঞ্জের চৌমুহনী পূর্ব বাজারে মোটরসাইকেল মেরামতের একটি দোকান দেন। বুধবার রাতে দোকান বন্ধ করে তাঁর ছোট ভাই মিলনসহ (চৌমুহনীর একটি দরজির দোকানের কর্মচারী) মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি গ্রামের কামাল চেয়ারম্যানের পোল পার হয়ে একটু সামনে যেতেই তিন-চারজন ছিনতাইকারী তাঁদের গতি রোধ করে। পরে অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় ফারুক ছিনতাইকারীদের চিনে ফেলায় তাঁর মাথায় গুলি করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে সঙ্গে থাকা ফারুকের ভাইকে কোনো আঘাত করেনি ছিনতাইকারীরা।
পুলিশ জানায়, রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।