ছিনতাইকারীর ছুরি কেড়ে নিল ছাত্রের প্রাণ
একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তিন বন্ধু। কিন্তু ছিনতাইকারীদের ছুরি প্রাণ কেড়ে নিল একজনের; অপর দুই বন্ধু হলেন জখম। গতকাল শুক্রবার ভোরে গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ার জহির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন খোকন (২৩) দত্তপাড়ার জহিরুল ইসলামের ছেলে। তিনি আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ঢাকার উত্তরা ক্যাম্পাসে বিবিএতে পড়তেন। আহত আবদুর রহমান (২২) ও মামুন (২১) টঙ্গী সরকারি কলেজে পড়েন। তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দত্তপাড়ার বাসিন্দা, হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন বন্ধু মহিউদ্দিন, রহমান ও মামুন দত্তপাড়ার বাসা থেকে মোটরসাইকেলে করে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যান। সেখান থেকে বাসায় ফেরার পথে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে দত্তপাড়া জহির মার্কেট এলাকায় সাহাজউদ্দিন বিদ্যানিকেতনের সামনে ছিনতাইকারীরা প্রাইভেটকার দিয়ে তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান তাঁরা। ছিনতাইকারীরা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিন বন্ধু বাধা দেন। ছিনতাইকারীরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তিন বন্ধুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল না নিয়েই পালিয়ে যায়। লোকজন তিনজনকে গুরুতর আহতাবস্থায় প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মাহবুবুর রহমান চৌধুরী জানান, মহিউদ্দিনের ঘাড়ে, হাতে ও মাথায় ধারালো অস্ত্রের গুরুতর জখম ছিল। তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত মহিউদ্দিনের ময়নাতদন্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেই ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।