ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাপানি তরুণী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় জাপানি পর্যটক এক তরুণী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনায় পুলিশ গত মঙ্গলবার রাতে সাতজনকে গ্রেপ্তার করেছে। তাদের একজন ঘটনার কথা স্বীকার করলেও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার হয়নি। বগুড়া সদর থানার পুলিশ জানায়, জাপানি তরুণী হিরোমি কিরিও (২৭) খুলনা থেকে নওগাঁর পাহাড়পুরের উদ্দেশে গত সোমবার রাতে রওনা হন। মঙ্গলবার ভোরে বগুড়া শহরের সাতমাথায় বিআরটিসির বাস থেকে নেমে আবাসিক হোটেল খোঁজার জন্য রিকশা নিয়ে ঘুরতে থাকেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গাটকো টেলি কমিউনিকেশনের প্রকৌশলী আসাদুজ্জামান। একপর্যায়ে শহরের পিটিআই মোড়ে পৌঁছালে ছিনতাইকারীরা জাপানি তরুণীকে ছুরিকাঘাত করে তাঁর পাসপোর্ট, বিমানের টিকিট, ক্রেডিট কার্ড ও কিছু টাকা এবং প্রকৌশলীর কাছ থেকে একটি মোবাইল ফোনসেট ও এক হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। আহত জাপানি তরুণীকে প্রাথমিক চিকিত্সাশেষে গতকাল বুধবার জাপান দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেছেন, ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।