ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণ নিহত
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জান্নাতুল ফেরদৌস (২৪) নামের প্রাণ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তের টোল প্লাজা সড়কের পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর গ্রামে।
পুলিশ সূত্র জানায়, জান্নাতুল ফেরদৌস ভৈরব বাজারে প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন পৌর শহরের কমলপুর মহল্লার মুসলেম মোড় এলাকার একটি ভাড়া বাড়িতে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাকারীরা তাঁকে ছুরিকাঘাত করে টাকাপয়সা নিয়ে যায়। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। জান্নাতুল ফেরদৌসের বাবা শরিফুল ইসলাম বলেন, ‘ছয় মাস ধরে আমার ছেলে ভৈরবে কাজ করছিল। তার মুঠোফোন নম্বরে ফোন দেওয়ার পর পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর জানতে পারি। ছিনতাইকারীরা মেরে ফেলল, না পরিকল্পিত হত্যাকাণ্ড, সেটা ভাবার বিষয়।’
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, ‘জান্নাতুল ফেরদৌসের বুকে চারটি ও নাভির নিচে একটি ছুরিকাঘাতের চিহ্ন আছে।’