ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণ নিহত
বাগেরহাটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহীন শেখ (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। শাহীনকে রক্ষা করতে গিয়ে ছুরিকাহত হয়েছে তাঁর দুই ভাই সোহাগ শেখ (১৯) ও সোহেল শেখ (১৫)।বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার বড় পাইকপাড়া গ্রামের কামাল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রামবাসীর সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল (২২) ও আল আমিন ওরফে তুহিন (২৬) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে।আটক সোহেল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের আমির আলীর ছেলে এবং আল আমিন খুলনা নগরের টুটপাড়া এলাকার সামছুর রহমানের ছেলে। বাগেরহাট মডেল থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।রাখালগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আবু আছনু শামীম জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে খুলনা-বাগেরহাট সড়কের শ্রীঘাট বেইলি সেতুর কাছে দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ছয়জন ছিনতাইকারী জাকির নামে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাই করে। তারা ছিনতাই করা মোটরসাইকেলসহ খুলনার দিকে রওনা হয়। এ সময় জাকির মুঠোফোনে পাইকপাড়া এলাকায় তাঁর পরিচিত লোকজনকে ছিনতাই হওয়ার খবরটি জানান। লোকজন রাস্তায় ব্যারিকেড দেয়। একটি মোটরসাইকেলসহ দুজন ছিনতাইকারী ব্যারিকেড ভেঙে পালাতে পারলেও বাকি চারজন দুটি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে।চেয়ারম্যান জানান, একপর্যায়ে চারজন ছিনতাইকারী গ্রামের ভেতর দিয়ে দৌড়ে পালায়। গ্রামবাসী তাদের ধরতে তল্লাশি চালায়। রাত সাড়ে ১০টার দিকে সোহেল বড় পাইকপাড়া গ্রামের কামাল শেখের বাড়িতে ঢুকে আত্মগোপনের চেষ্টা করেন। কিন্তু কামাল শেখের বড় ছেলে শাহীন শেখ তাঁকে বাধা দিলে সোহেল তাঁর কাছে থাকা ছুরি দিয়ে শাহীনের বুকে আঘাত করেন। এতে শাহীন ঘটনাস্থলেই মারা যান। ছোট দুই ভাই শাহীনকে উদ্ধার করতে গেলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তারা আহত হয়।একপর্যায়ে গ্রামবাসী বড় পাইকপাড়া গ্রাম থেকে সোহেল ও আল আমিনকে আটক করে গণপিটুনি দেয়। অপর দুজন ছিনতাইকারী পালিয়ে যায়। ছিনতাইয়ের খবর জানতে পেরে পার্শ্ববর্তী চুলকাঠি পুলিশ তদন্তকেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে এসে আটক ছিনতাইকারীদের গণপিটুনি থেকে উদ্ধারের চেষ্টা করে। তখন উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে ছিনতাইকারীদের সহযোগিতার অভিযোগ তুলে কামাল হোসেন নামে পুলিশের এক সদস্যকে গণপিটুনি দেয়।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, নিহত শাহীনের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।