ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর বনমালা রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইব্রাহীম ওরফে কিরণ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জের এখলাসপুর গ্রামের হাজি হেদায়েতুল্লাহর ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটায় কিরণ রাজধানীর নর্দ্দা এলাকায় বি জে রেন্ট-এ কার সেন্টারে কাজের উদ্দেশ্যে বের হন। বাসা থেকে কিছু দূরে বনমালা রোডের ধূমকেতু স্কুলের সামনে পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। তাঁর সঙ্গে একটি মুঠোফোন সেট ও তিন শ টাকা ছিল। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর গলা ও বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আশপাশের বাসাবাড়ির নিরাপত্তা প্রহরীরা ঘটনা দেখলেও ছিনতাইকারীদের ভয়ে কাছে যেতে সাহস পাননি। কিরণ পূর্ব দত্তপাড়ায় তাঁর বড় ভাই মো. আলমগীর চৌধুরীর বাড়িতে পরিবার নিয়ে বাস করেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে দশম শ্রেণীর ছাত্রী। রেন্ট-এ কারের মালিক গুলশানের ওয়ানরক ইন্টারন্যাশনালের কাছে গাড়ি ভাড়া দিয়েছেন। কিরণ ভাড়া গাড়ির চালক হিসেবে ওয়ানরক ইন্টারন্যাশনালে কাজ করতেন।স্থানীয় বিএনপির নেতা মো. সফিউদ্দিন ও এলাকাবাসীর অভিযোগ, বনমালা রোডেই ছিনতাইকারী ও বখাটেরা নিয়মিত আড্ডা দেয়। কখনোই ব্যবস্থা নেয়নি পুলিশ। গত সোমবার দিবাগত রাত দুইটায় এলাকায় ডাকাত ঢুকেছে জানিয়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এর পরও পুলিশ ঘটনাস্থলে যায়নি। সর্বশেষ এ ঘটনায় অসহায় পরিবারটির জন্য এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ‘ছিনতাইকারীর দৌরাত্ম্যে অতিষ্ঠ টঙ্গীবাসী’ শিরোনামে মঙ্গলবার প্রথম আলোর পঞ্চম পাতায় সংবাদ প্রকাশিত হয়েছে। টঙ্গী মডেল থানার উপপরিদর্শক মো. সোহেব মিয়া জানান, ওই এলাকায় উপপরিদর্শক মো. মনোয়ারের নেতৃত্বে একটি দল দায়িত্বে ছিলেন। তাঁরা বিষয়টি বলতে পারবেন।উপপরিদর্শক মো. মনোয়ার ছিনতাইকারীর হাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় তিনি এক অপরাধীকে আটক করতে উত্তরায় ছিলেন। এর ফাঁকে ঘটনাটি ঘটে গেছে।