ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রবাসী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুমান মিয়া (২৬) নামের এক সিঙ্গাপুরপ্রবাসী নিহত হয়েছেন। সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্তে গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে রুমানের বড় ভাই রায়হান মিয়া আহত হন।
রুমান মিয়ার বাড়ি কিশোরগঞ্জের চান্দুপুর ইউনিয়নের চান্দুপুর গ্রামে।
পরিবারের সদস্যরা জানান, দুই মাস আগে রুমান সিঙ্গাপুর থেকে দেশে আসেন। চিকিৎসার জন্য এক সপ্তাহ আগে তিনি ঢাকা যান। অন্য একজন চিকিৎসকের পরামর্শ নিতে গতকাল তাঁরা বাসযোগে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে তাঁরা কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ডে নামেন। ব্রাহ্মণবাড়িয়া যেতে ভৈরব বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় ওঠেন তাঁরা। অটোরিকশায় তাঁদের সঙ্গে আরও তিন যাত্রী ছিল। অটোরিকশাটি সেতুর আশুগঞ্জ প্রান্ত অতিক্রম করার সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা ছুরি ও অস্ত্র ঠেকিয়ে তাঁদের সর্বস্ব ছিনিয়ে নেয়। একপর্যায়ে রুমানের বুকে ছুরিকাঘাত এবং রায়হানকে মারধর করে সেতুর ওপর ফেলে দেয়। পরে ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রুমান মারা যান।