ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল চালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেল ছিনিয়ে নিতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক জিল্লুর রহমান (৩০) খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা-কামঠানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।নিহত জিল্লুর নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিনতাইয়ের সময় গ্রামবাসী ধাওয়া দিলে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। এতে চরকালনা গ্রামের সাইফুল মোল্লা (৩৫) পিঠে গুলিবিদ্ধ হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। দুই ছিনতাইকারী হলেন—লোহাগড়া পৌর এলাকার গোপিনাথপুরের রিপন (২৮) ও উপজেলার শামুকখোলা গ্রামের আমেরিকা (৩০)। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃত দুই ছিনতাইকারী পুলিশি প্রহরায় নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে সালিসে মারামারি ঠেকাতে গিয়ে জাহাঙ্গীর ডাকুয়া (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত কালাম ডাকুয়াকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের ভাই আলমগীর ডাকুয়া বলেন, রঘুনাথপুর এলাকার ইউনুছ ডাকুয়ার পাঁচ কাঠা জমি কয়েক দিন আগে মোতাহার ডাকুয়া দখল করে নেন। বৃহস্পতিবার ইউনুছ ডাকুয়া বিষয়টি স্থানীয় লোকজনকে জানান।শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম বলেন, রাত সাড়ে আটটার দিকে ডাকুয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে বিষয়টি নিয়ে সালিস চলছিল। এ সময় মোতাহারের লোকজনের সঙ্গে ইউনুছের ঝগড়া হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। জাহাঙ্গীর ডাকুয়া মারামারি ঠেকাতে গিয়ে বাঁ পাঁজরে ছুরিকাঘাতে মারা যান। আলমগীর ডাকুয়া দাবি করেন, মোতাহারের পক্ষের লোকজনের ছুরির আঘাতে তাঁর ভাই নিহত হয়েছেন। নাজিরপুর থানার সহকারী উপপরিদর্শক মোতাহার হোসেন বলেন, এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে মোতাহার ডাকুয়াসহ আটজনকে আসামি করে গতকাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মোতাহারের বোন আলেয়াকে গ্রেপ্তার করেছে।