ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত রোববার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম হারুন অর রশিদ (৩০)। কোনাবাড়ীর হড়িনারচালা এলাকার নতুন বাজারে তাঁর দরজি দোকান আছে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, রোববার হারুন তাঁর ছোট ভাই রিপনকে নিয়ে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বেড়াতে যান। রাতে সেখান থেকে একটি হিউম্যান হলারে করে কোনাবাড়ী এলাকায় যাচ্ছিলেন। কোনাবাড়ীর কাছাকাছি এলাকায় পৌঁছানোর পর হিউম্যান হলারটি বিকল হয়ে যায়। এরপর তাঁরা হেঁটে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েক যুবক তাঁদের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা হারুনের বুকে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে টাকাপয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।