ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্র্যাক কর্মকর্তা খুন
টাকার ব্যাগ ছিনিয়ে নিতে না পেরে বেসরকারি সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাতে খুন করেছে ছিনতাইকারীরা। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় সিলেট নগরের শাহজালাল উপশহরের ই-ব্লকের ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আবদুল হান্নান (৩০)। তিনি ব্র্যাকের সিলেট শাহজালাল উপশহর শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, শাহজালাল উপশহরের ই-ব্লকে অবস্থিত ব্র্যাকের আরবান শাখা থেকে সাত লাখ ২০ হাজার টাকা নিয়ে আবদুল হান্নান পূবালী ব্যাংক উপশহর শাখায় জমা দিতে যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন। মোটরসাইকেলে তাঁরা দুজন ই-ব্লকের প্রধান সড়কে যাওয়ামাত্র একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী পেছন থেকে আবদুল হান্নানের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হান্নান টাকার ব্যাগ আগলে ধরে রাখলে ছিনতাইকারীরা তাঁকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। শহীদুল্লাহ চিৎকার দিয়ে লোক জড়ো করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হান্নানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএসপি) শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হান্নানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান। শহীদুল্লাহ জানান, তাঁরা ব্র্যাকের দৈনন্দিন হিসাবের সাত লাখ ২০ হাজার টাকা নিয়ে পূবালী ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। টাকার ব্যাগসহ পেছনে বসা ছিলেন হান্নান। ছিনতাইকারীরা হান্নানকে ছুরিকাঘাত করলে হান্নান ছিটকে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসায় ছিনতাইকারীরা টাকা না নিয়ে পালিয়ে যায়। আবদুল হান্নানের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার গান্ধামারা গ্রামে। প্রায় দুই বছর যাবত তিনি ব্র্যাকের এই শাখায় কর্মরত। এর আগে তিনি সুনামগঞ্জে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে কর্মরত ছিলেন। দুই সন্তানের জনক হান্নান স্ত্রী-সন্তান নিয়ে নগরের সাদিপুর নয়াগাঁও এলাকায় বসবাস করতেন। শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে জানান, ধারণা করা হচ্ছে, ছিনতাইকারী দল ওঁৎ পেতে ছিল। ছিনতাইকারীদের শনাক্ত করতে উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। এ ঘটনায় নিহত ব্যক্তির সহকর্মী শহীদুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে শাহ পরান থানায় একটি হত্যা মামলা করেছেন।