ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্র্যাক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী এলাকায় গতকাল রোববার ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেসরকারি সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবু জাহিদ সরকার (৫৫)। তাঁর বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মজিহাটি গ্রামে। তিনি কুমিল্লার দাউদকান্দিতে ব্র্যাকের একটি কোল্ডস্টোরেজের কর্মকর্তা ছিলেন।পুলিশ জানায়, আবু জাহিদ টঙ্গীর আরিচপুরের রূপবানের টেকে ভাড়া বাসা থেকে গতকাল ভোরে দাউদকান্দিতে যাওয়ার উদ্দেশে রওনা দেন। বাসা থেকে বের হয়ে টঙ্গী যাওয়ার সময় মধুমিতা রেলগেটের পাশে পৌঁছার পর পাঁচ-ছয়জনের একদল ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে জাহিদের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তাঁর কাছে কিছু না পেয়ে তাঁর পেটের বাঁ পাশে দুই জায়গায় এবং বাঁ গালে একটি ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় জাহিদকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। টঙ্গী থানার ওসি গাজী রুহুল ইমাম জানান, এ ঘটনায় নিহতের ভাই নিজাম উদ্দিন একটি হত্যা মামলা করেছেন।