ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু
গাজীপুরে টঙ্গীর মিরাশপাড়া পানির ট্যাংক মোড় এলাকায় গত মঙ্গলবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. আকতার হোসেন (৩০) নামের এক যন্ত্রমিস্ত্রি খুন হয়েছেন।নিহত আকতার টঙ্গীর এ-১১২ বিসিকে অবস্থিত দিশারী ওয়াশিং প্লান্টের যন্ত্রমিস্ত্রি (মেকানিক)। তাঁর বাড়ি মাদারীপুরের শিবচরের ঢালীকান্দি গ্রামে।এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, কাজ শেষে রাত ১০টার দিকে কারখানা থেকে হেঁটে বাসার উদ্দেশে রওনা হন আকতার। পথে মিরাশপাড়া পানির ট্যাংক মোড়ে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তাঁর পেট ও বুকে আঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকতারকে মৃত ঘোষণা করেন।টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ব্যাপারে আকতারের ভাই জামাল উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন।