ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কোতোয়ালি থানাধীন বিআরটিএ জামতলা বস্তি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। ছিনতাই করে পালানোর সময় সোহাগ রানা নামের ওই ছিনতাইকারী এ ঘটনা ঘটায়।নিহত সাইফুল বস্তি এলাকার আলী আব্বাসের ছেলে। ঘটনার পর স্থানীয় লোকজন ছিনতাইকারী সোহাগ রানাকে ধরে পুলিশে সোপর্দ করে।অভিযোগে জানা গেছে, মঙ্গলবার ভোরে বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় এক বাসচালকের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় সোহাগ। এ সময় বাসচালকের চিৎকারে আশেপাশের লোকজন সোহাগকে ধাওয়া করে। সোহাগ জামতলা বস্তি এলাকায় ঢুকে পড়ে। ঘটনার সময় সাইফুল ও তাঁর এক বন্ধু বস্তির রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন।সাইফুল তাঁকে ধরতে যাচ্ছেন, এই ভেবে সোহাগ তাঁকে ছুরিকাঘাত করে। সংজ্ঞাহীন অবস্থায় সাইফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।